Tuesday, October 29, 2013

প্রিয় স্বপ্নচারিনী,

Standard
লেখিনা অনেক দিন, এখন আর লিখতে ইচ্ছে করে না, অনুভূতি গুলো কেমন যেন মরচে ধরে গেছে। তবুও ছোট্ট একটা চিঠি লিখলাম তোমাকে পড়বে কিনা জানিনা —
প্রিয় স্বপ্নচারিনী,
কোনদিনও বলতে পারিনি,
তোমাকে নিয়ে কতটা ভালবাসার স্বপ্ন দেখি
বলা হয় নি তোমার কোলে মাথা রেখে তোমারি ঘন চুলের আঁধারে ঢেকে যেতে চেয়েছি বারংবার,

তোমায় বুকে জড়িয়ে তোমার চিবুকে আংগুলের ছোঁয়া রেখে যেতে চেয়েছি যতোবার
ঠিক ততোবারই অনুভব করতে চেয়েছি তোমার কাঁপা নিশ্বাসের সাথে চুমুর স্পন্দন।

আমি বলতে পারিনি আমি কতোটা চেয়েছি তোমাকে ঠিক তোমারি মতোন করে।
খোঁপায় ফুল গুজে যেদিন এসেছিলে আমার মনের বারান্দায়,

সেদিন

হ্যাঁ সেদিন তোমাকে ফুল ভেবে বুক পকেটে রেখেছিলাম নিজেরি অজান্তে।

প্রিয় স্বপ্নচারিনী,

আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম আমার নিজেকে উজাড় করে,
বলা হয়নি কিছুই।
পার্কে বসে কিংবা দোলনায় চেপে তোমার এলোচুলের ঢেউ ভাঙ্গা হয় নি
ভাঙ্গা হয় নি তোমার আঁচলে জড়িয়ে থাকা অনুভূতির আবীর।
রাঙা বউয়ের মতোন তোমাকে ভালোবাসা হয় নি,
প্রেমিকার মতো স্পর্শ করা হয় নি,
হয় নি তোমায় জড়িয়ে ভালোবাসার বাসর।

প্রিয় স্বপ্নচারিনী,

আমি তোমাকে ভালোবেসে ভালোবাসাকে আপন করে নিতে চেয়েছিলাম।
তোমাকে আমার ভালোবাসার অপ্রকাশিত অনুভূতিতে সত্যায়িত করতে চেয়েছিলাম।
কিছুই বলা বা করা হলো না,
দুজনে শুধু দূরত্বের দেয়াল তুলে গেলাম অনুভূতির গাছ বুনে
তবুও স্বপ্ন দেখি এখনো, দেখে যাবো……

লেখকঃ- সাদিক রাহমান

সময়গুলো বড্ড স্বার্থপর । চলে যাবার পথে হৃদয়ে আচড় কেটে যায় । কেড়ে নেয় আবেগের কেন্দ্রে থাকা বস্তু বা ব্যক্তি গুলোকেও । যে মানুষটা সবচেয়ে আপন ছিলো, সেও কেমন যেন অপরিচিত হয়ে যায় ; কিংবা যে ভাবতে শিখিয়েছিলো আমি তার সবচেয়ে প্রিয়জন, সময়ের আবর্তনে সেই মানুষটাও কেমন বদলে যায় । হয়তো এটাই রীতি !!